বদরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে শিশুদের গোসল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মরিয়ম নেছা (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এদিকে কোহিনুর বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বদরগঞ্জ থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শালবাড়ী ডাড়ারপাড় গ্রামের জিয়াউর রহমানের মেয়ে সুমি খাতুনের (১০) সঙ্গে প্রতিবেশী আফজাল হোসেনের নাতনি রাশিদা বাড়ির পাশের নালায় গোসল করতে যায়। এ জন্য আফজাল জিয়াউরের মেয়েকে দোষারোপ করেন। এ নিয়ে সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় জিয়াউরের মা মরিয়ম তাঁদের থামাতে গেলে প্রতিপক্ষের মারধরের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বদরগঞ্জ ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনায় জিয়াউর  তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আয়েশা সিদ্দিকা (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গতকাল পৌর শহরের সাহাপুর ডাঙ্গাপাড়ায় কোহিনুর নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই কোহিনুরের স্বামী পলাতক রয়েছেন।

বদরগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কোহিনুরের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।