বদরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বসতবাড়িতেও ভাঙচুর চালায়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার অনেকে জানান, তিন বছর আগে মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর ছেলে হবিবুর রহমান উপজেলার বারঘরিয়া গ্রামে ১০ শতক জমি কিনে বাড়ি করে বসবাস করছিলেন। এরপর জমিটি পৈতৃক সম্পদ বলে দাবি করেন প্রতিবেশী জমশেদ আলী। পরে জমশেদ থানায় ও আদালতে বিভিন্ন অভিযোগে হবিবুর রহমানসহ তাঁর কয়েকজন স্বজনের বিরুদ্ধে চারটি মামলা করেন। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
হবিবুরের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে হবিবুর বাড়িতে বসে নাশতা করছিলেন। এ সময় জমশেদের পক্ষ নিয়ে ভাড়াটে সন্ত্রাসীরাসহ ৪০-৫০ জন লোক লাঠি, ছুরি ও চাকু হাতে বাড়িটি দখল করতে এসে ব্যাপক ভাঙচুর চালায়। প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে হবিবুর রহমান, তাঁর মা মহুবা খাতুন, চাচা গোলজার হোসেন, মোক্তার আলী ও আমিরুল ইসলাম আহত হন। গুরুতর আহত হবিবুর, আমিরুল ও গোলজারকে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই তিনজনের মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, ‘অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’