বদরগঞ্জে প্রথম আলোর প্রতিনিধির বিরুদ্ধে করা মামলা মিথ্যা প্রমাণিত
রংপুরের বদরগঞ্জে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা সেই চাঁদাবাজির মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত (ফাইনাল) প্রতিবেদন দিয়েছেন। ৮ জুন রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ প্রতিবেদনটি গ্রহণ করেন। এই মামলায় ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি বাদশাহ ওসমানীকেও আসামি করা হয়েছিল। বদরগঞ্জ পশুমেলা কমিটির ইজারাদার ও জাতীয় পার্টির উপজেলা সম্পাদক হেনা মো. ফেরদৌস গত ২৪ জানুয়ারি স্থানীয় থানায় মামলাটি করেছিলেন। সদ্য বদলি হওয়া বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে আলতাফ হোসেন ও বাদশাহ ওসমানীকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ‘বাদী ও তাঁহার মেলা পরিচালনা কমিটির অন্যান্য লোকজন অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওই দুজন সাংবাদিকের নামে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে অভিযোগ প্রমাণের মতো কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং বাদীর আনীত অভিযোগটি তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় মামলায় চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হইল।’প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি মিথ্যা ওই চাঁদাবাজির মামলা বদরগঞ্জ থানায় দায়ের করার পর মেলা পরিচালনা কমিটির সদস্যরা মেলা উন্নয়ন কমিটির ব্যানারে প্রথম আলোর এই দুই সাংবাদিককে গ্রেপ্তারের দাবিতে এলাকায় মিছিল, সভা-সমাবেশ ও প্রাণনাশেরও হুমকি দেন।