বদরগঞ্জে প্রার্থী না দেওয়ায় বিএনপির কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পৌর নির্বাচনে দলের কোনো নেতাকে মেয়র পদে প্রার্থী না করার প্রতিবাদে গত মঙ্গলবার গভীর রাতে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপি দেশের একটি বৃহত্তম শক্তিশালী রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও উপজেলা বিএনপির নেতারা গত ১৪ বছরে এখানে কোনো নির্বাচনে দলীয় প্রার্থী দেননি। এতে দলটি এ উপজেলায় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ স্থানীয় বিএনপিকে দুর্বল দল হিসেবে ভাবছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে দলের পূর্বনির্ধারিত বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি ওঠে। এতে নীতিনির্ধারকেরা অসম্মতি জানালে দলীয় নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনকে দলীয় কার্যালয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অবরোধ করে রাখেন। একসময় কৌশলে তাঁরা সেখান থেকে সরে যান। এ সময় নেতা-কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন দলের কার্যালয়ে ছুটে যায়। দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার পৌর শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সভায় পরিতোষ চক্রবর্তী, সাখাওয়াত হোসেন ও পৌর বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনের প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয়। গভীর রাতে দলীয় কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘পৌর নির্বাচনে অংশ নিতে গেলে আগাম প্রস্তুতি দরকার। স্থানীয় বিএনপির সেই প্রস্তুতি নেই।’ উপজেলা বিএনপির পরিতোষ চক্রবর্তী বলেন, ‘আমি আগে সংসদ নির্বাচন করেছি। আমার পৌর নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এ কথাটা নেতা-কর্মীদের বলেছি। কিন্তু তাঁরা কোনো কথা না শুনে ক্ষুব্ধ হয়ে বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’