বদরগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন৷ গতকাল শনিবার দুপুরে বৃষ্টিপাতের সময় ওই বজ্রপাতের ঘটনা ঘটে৷

নিহত ব্যক্তিরা হলেন মধুপুর কাজীপাড়া গ্রামের কৃষক নুরন্নবী (৫২), কালুপাড়া ইউনিয়নের কচুরিপাড়া গ্রামের নরসুন্দর (নাপিত) মজিবর রহমান (৪৫) ও গুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তাজকুল ইসলাম (১৫)।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল থেকে উপজেলায় বৃষ্টিপাত শুরু হয়। দুপুরের দিকে বৃষ্টি থামে৷ এ সময় মধুপুর কাজীপাড়া গ্রামের নুরন্নবী গোয়াল থেকে গরু বের করছিলেন৷ এরই মধ্যে আকস্মিক বজ্রপাতে গরুসহ তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে ফেরদৌস রহমান (১২) আহত হয়। এদিকে প্রায় একই সময় গুটিরডাঙ্গার হাটে একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মজিবর রহমান ও স্কুলছাত্র তাজকুল ইসলাম। আকস্মিক বজ্রপাতে তাঁরাও ঘটনাস্থলে নিহত হন।