বদরগঞ্জে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলার আসামিদের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন মামলার বাদী ও তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে মামলা করার পর দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাতাসন ডাক্তারপাড়া গ্রামের আলমগীর হোসেনের (৪৫) লাশ গত ৬ অক্টোবর সকালে ওই গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। এর পরের দিন আলমগীরের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য ভুট্টু মিয়াসহ তিনজনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।
রোকসানা বেগম অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে তাঁকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কিন্তু পুলিশ আসামিদের খুঁজে পাচ্ছে না। তিনি বলেন, গত ইউপি নির্বাচনের সময় ভুট্টু মিয়া তাঁর স্বামীর কাছ থেকে এক লাখ ১৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে এই টাকা ফেরত দিতে টালবাহানা করায় ভুট্টু মিয়ার সঙ্গে আলমগীরের বিরোধের সৃষ্টি হয়। এ কারণেই ভুট্টু মিয়াসহ অন্য আসামিরা আলমগীরকে হত্যা করেন বলে অভিযোগ করেন রোকসানা।
আলমগীরের ছোট ভাই গোলাম কিবরিয়া অভিযোগ করেন, ‘আসামিরা হত্যার হুমকি দেওয়ায় ৬ নভেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিছুদিন আগে ভুট্টু মিয়াকে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আটক করেও পুলিশ ছেড়ে দেয়। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’
আলমগীর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন চাকি বলেন, আসামিকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। ঘটনার পরেই আসামিরা গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।