বদরগঞ্জে বারুণী স্নান মেলায় জুয়া, অশ্লীলতা
রংপুরের বদরগঞ্জে করতোয়া বারুণী স্নান মেলায় অবৈধভাবে পুতুলনাচ ও সার্কাসের নামে অশ্লীল নাচ ও জুয়া চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ওই নাচ ও জুয়ার আসরের নেতৃত্ব দিচ্ছেন।
আয়োজকেরা বলেন, মেলার জন্য তাঁরা উপজেলা প্রশাসনের কাছে থেকে অনুমতি নিয়েছেন। শুক্রবার থেকে মেলা শুরু হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত চলবে।
এলাকার হিন্দু পুণ্যার্থীরা পাপমোচনের লক্ষ্যে শুক্রবারই করতোয়া নদীতে স্নান করেছেন। এখন মেলায় চলছে জুয়া ও অশ্লীল নাচ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ বেগ বলেন, স্নান মেলার অনুমতি দেওয়া হলেও সার্কাস বা পুতুলনাচের অনুমতি দেওয়া হয়নি। এটা কেউ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, সেখানে কিছু দোকানপাট বসেছে। দুই দিকে শামিয়ানা দিয়ে ঘিরে দুটি পুতুলনাচ ও সার্কাসের নামে চলছে অশ্লীল নাচ। চারদিকে চলছে জুয়ার আসর।
মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা বদরগঞ্জ থানার এএসআই অনন্ত রায় বলেন, ‘জুয়াড়ুদের তাড়াতে তাড়াতে হাঁপিয়ে গেলাম।’
রামনাথপুরের অনীল চন্দ্র রায় বলেন, ‘হামরা তো স্নান করছি কাইল (শুক্রবার)। এ্যালা মেলাত কাপড় দিয়া ঘিরিয়া খারাপ নাচ আর জুয়া খেলা চলোচে। এইগলা দেখি হামার ছইলেরায় (সন্তানেরা) খারাপ হইবে।’
মেলার পৃষ্ঠপোষক ও রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ‘পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য হওয়ার অভিযোগ আমরাও পেয়েছি। এটা বন্ধ করে দেব। পুলিশকে নিয়ে জুয়া বন্ধ করারও চেষ্টা করছি।’ বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, ‘জনবল সংকটের কারণে ওই সব উচ্ছেদ করতে যেতে পারছি না।’