বদরগঞ্জে বাস ধর্মঘট, সাত দিনেও সুরাহা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদরগঞ্জ-পার্বতীপুর ও বদরগঞ্জ-রংপুর পথে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। সাত দিন ধরে এ অবস্থা চললেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এ দিকে বাস শ্রমিকেরা মারপিটের অভিযোগ এনে অটোরিকশার শ্রমিকদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন। আর অটোরিকশা শ্রমিকেরা ওই মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেলে পৌর শহরে মিছিল করেছেন।একটি সূত্র জানায়, ১৫ অক্টোবর বিকেলে বদরগঞ্জ-রংপুর পথের চেংমারীতে অটোরিকশায় যাত্রী ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে বাসের শ্রমিকেরা বদরগঞ্জ-রংপুর ও বদরগঞ্জ-পার্বতীপুর সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। এ ঘটনায় ১৯ অক্টোবর বাসের শ্রমিক অমূল্য রায় বাদী হয়ে অটোরিকশার শ্রমিক আকতারুল হক ও আনিছুল হককে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবুল বাসার অভিযোগ করেন, ‘বাসের শ্রমিকেরা আমাদের কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে মারপিট করেছেন। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা নথিভুক্ত না করে উল্টো বাসের শ্রমিকদের মামলা নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে উভয় শ্রমিক পক্ষের বৈঠক আহ্বান করেন। কিন্তু অটোরিকশার শ্রমিকেরা বৈঠকে গেলেও বাসের শ্রমিকেরা উপস্থিত না হওয়ায় বৈঠক ভেস্তে যায়।’বদরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, ‘অটোরিকশার লাইসেন্স, রুট পারমিট, ফিটনেস, বিআরটিএর অনুমোদন—এসব কিছুই নেই। অথচ বিধিবহির্ভূতভাবে এগুলো সড়কে চলাচল করে। আমাদের দাবি, আসামিদের গ্রেফতার এবং সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখা। নইলে বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।’