বদরগঞ্জে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ তুঙ্গে
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পৃথক প্রার্থী দিয়েছে বিএনপি ও জামায়াত। আর এই পৃথকভাবে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।
দলীয় সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেনকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে বিএনপি।
বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে বিএনপির একাধিক বৈঠক হয়। বৈঠকে বিএনপি-সমর্থিত প্রার্থীকে জামায়াতের নেতারাও সমর্থন দেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে জামায়াতের সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের নেতা বায়েজিদ ওসমানী। এ ঘটনা থেকেই বিএনপির নেতারা জামায়াতের ওপর ক্ষুব্ধ। এর পর থেকে জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইস্যুতে জোটের একাধিক বৈঠক হলেও জামায়াতকে ডাকা হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, ‘উপজেলা নির্বাচনে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দিতে কেন্দ্রীয় নির্দেশনা ছিল। সেই লক্ষ্যে জামায়াতের সঙ্গে বৈঠক করে বিএনপি থেকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সাখাওয়াৎ হোসেনকে চেয়ারম্যান পদে সমর্থন দেয় বিএনপি। কিন্তু বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জামায়াত ওই পদে তাদের এক প্রার্থী দেয়। এ কারণে আমরা জামায়াতের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শ্যামল লোহানী বলেন, ‘উপজেলা নির্বাচনে জামায়াতকে ছাড়াই আমরা বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। স্থানীয় জামায়াতের সঙ্গে আমাদের কোনো আপস হবে না। স্বাধীনতাযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে সাধারণ মানুষ জামায়াতকে ঘৃণা করে।’
জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান খান বলেন, ‘স্থানীয় বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা কেন্দ্রের সিদ্ধান্তেই নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের পক্ষ থেকে এক প্রার্থীকে সমর্থন দিয়েছি। রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে আমরা অনেক ছাড় দিয়েছি।’