বদরগঞ্জে বিধিবহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিধিবহির্ভূতভাবে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবার রহমান ও মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহাব।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি বিধান অনুযায়ী, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটি হবে সাত সদস্যের। বিধানে উল্লেখ রয়েছে, কমিটির সভাপতি ও সদস্যকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা হতে হবে। কিন্তু তা উপেক্ষা করে কমিটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সভাপতি হিসেবে না রেখে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেনকে রাখা হয়েছে। তিনি বদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা নন। এ ছাড়া যাচাইবাছাই কমিটির সদস্য হিসেবে উপজেলার কুতুবপুর খিয়ারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মজিবর রহমান ও বিষ্ণুপুর ইউনিয়নের খোর্দ্দবাগবাড় গ্রামের মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে রাখা হয়েছে। তাঁরা উভয়ে পক্ষাঘাতগ্রস্ত। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তাঁরা চলাফেরা করতে পারেন না। মানসিক ভারসাম্যও অনেকটা হারিয়ে ফেলেছেন।
সমাবেশে মুক্তিযোদ্ধারা আরও বলেন, বিধি লঙ্ঘন করে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে দলীয়করণ, স্বজনপ্রীতি ও পছন্দমতো লোককে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা। তাই অবিলম্বে এ কমিটি বাতিল করে নিরপেক্ষ যাচাইবাছাই কমিটি গঠন করা হোক।
জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সভাপতি মোছাদ্দেক হোসেন বলেন, উপজেলা যাচাইবাছাই কমিটি করে দিয়েছে মন্ত্রণালয়। বিধি লঙ্ঘন করে থাকলে তারাই করেছে।