বদরগঞ্জে ব্যাংক ব্যবস্থাপককে হত্যার হুমকি
রংপুরের বদরগঞ্জ উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা আবু বেলাল মণ্ডলের বিরুদ্ধে মঙ্গলবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগে বলা হয়, বেলাল উপজেলার লোহানীপাড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। ২০১২ সালের ১২ জুন ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর তিনি স্বপদে বহাল থাকতে আদালতের আশ্রয় নেন। আদালতের রায় তাঁর বিপক্ষে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনভাতা ছাড় না দিতে তিনি সোনালী ব্যাংকের ওই শাখায় চাপ দিতে থাকেন। কিন্তু নিয়ম অনুযায়ী গত সোমবার মাসিক বেতনভাতা দেওয়া হলে তিনি বিকেলে রেজাউল করিমকে হত্যার হুমকি দেন। মঙ্গলবার বেলা একটার দিকে বেলাল তাঁর মুঠোফোন থেকে আবারও ব্যাংক ব্যবস্থাপককে হত্যার হুমকি দেন। আবু বেলাল মণ্ডল বলেন, ‘আমি ব্যবস্থাপককে কোনো প্রকার হুমকি দিইনি।’