বদরগঞ্জে ভোটার কম ছিল না উৎসব ভাব
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ তেমন ছিল না।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২৬ মিনিটে আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে সুনসান নীরবতা। কেন্দ্রের ৩ নম্বর বুথে মাত্র চারজন ভোটারকে পাওয়া যায়। বাকি তিনটি বুথে সহকারী প্রিসাইডিং, পোলিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শীতল চন্দ্র রায় জানান, সেখানে এক হাজার ৫৯৩ জন ভোটার আছে। তখন পর্যন্ত ভোট পড়েছে ৩০২টি। ১২টা ৪০ মিনিট পর্যন্ত মৌয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৫৫টি। এখানে ভোটারের সংখ্যা এক হাজার ৯৯৫ জন। দুপুর ১২টা ৪৫ মিনিটে ঘাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দেখা যায়, সাতজন পুরুষ ও চারজন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। প্রিসাইডিং কর্মকর্তা শেখ মোহামঞ্চদ নাসিম হোসেন জানান, কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৩২৮ জন। ওই সময়ের মধ্যে ভোট পড়েছে ৫০২টি। বেলা একটা ২০ মিনিটে বুজরুক হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে আটজন নারী এবং ১১ জন পুরুষ ভোটারকে পাওয়া যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদৎ হোসেন দাবি করেন, এখানে দুপুর একটা পর্যন্ত ৮০০টি ভোট পড়েছে। ভোটার দুই হাজার ৩০৩ জন। বেলা আড়াইটা পর্যন্ত বকশীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ৬৯১টি ভোট পড়েছে। এখানে দুই হাজার ১৪৯ জন ভোটার আছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘এবারের উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এত কম উৎসাহ আর কখনো দেখিনি।’ ভোটাররা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং সরকার উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছে। এসব কারণে ভোটারদের মধ্যে অনীহা ছিল।