বদরগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা
শিক্ষক মোজাহারুল ইসলাম (৩৭) গত রোববার যথারীতি বিদ্যালয়ে যান। বিদ্যালয় ছুটির পর ব্যক্তিগত কাজে বিকেলে তিনি রংপুর মহানগরে যান। রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে অসতর্কতাবশত বাঁশের আগা তাঁর শরীর ভেদ করে বেরিয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পথচারীরা দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে ওই দিন রাত সাড়ে আটটার দিকে বদরগঞ্জ-রংপুর সড়কের মোক্তারপাড়া এলাকায়। মোজাহারুল বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি মধুপুর ধনতোলা গ্রামে। ছিন্তা মনি (৫) ও সিহাব (১২) নামে তাঁর দুটি সন্তান রয়েছে। সিহাব স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। স্ত্রী উম্মে হাবিবা পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন।
মোজাহারুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে মোজাহারুল রংপুর থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। মোক্তারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে কাঁধে বাঁশ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি আসছিলেন। এ সময় অসতর্কতাবশত ওই বাঁশের আগা মোজাহারুলের শরীর ভেদ করে বেরিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। অবস্থা বেগতিক বুঝে ওই ব্যক্তি বাঁশ ফেলে পালিয়ে যান। গত সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষার্থীরা মোজাহারুলের মৃত্যুর খবর শুনে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ওই দিন বেলা আড়াইটার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রাজারামপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকছেদুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মোজাহারুল ভালো শিক্ষক ছিলেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল উপজেলার বাইরে হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নিতে পারিনি।’