বদরগঞ্জে মহাজোটের মেয়র পদপ্রার্থী আজিজুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে অবশেষে জাতীয় পার্টি মহাজোটের মেয়র প্রার্থী হিসেবে ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হককে মেয়র পদে সমর্থন জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় থানা সড়কে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আজিজুল হক মহাজোটের প্রার্থিতার বিষয়ে জাপার পক্ষে সমর্থন পেয়েছেন বলে জানান।জাপা সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সারা দেশে অন্যতম শরিক দল জাতীয় পার্টিকে ১৯টি পৌরসভায় ছাড় দেয়। এর মধ্যে রংপুরের বদরগঞ্জ পৌরসভাও রয়েছে। গত ২৭ ডিসেম্বর জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে বদরগঞ্জ পৌরসভায় মহাজোটের মেয়র পদে প্রার্থী হিসেবে আসাদুজ্জামান চৌধুরীর নাম ঘোষণা দিলে এলাকায় তোলপাড় শুরু হয়। কারণ আসাদুজ্জামান চৌধুরী নামে নির্বাচনে কেউ প্রার্থীই হননি। জানা গেছে, এ নিয়ে গত ২৯ ডিসেম্বর প্রথম আলোর শেষের পাতায় সংবাদ প্রকাশিত হলে জাপার ভেতরেও তোলপাড় চলে। পৌর নির্বাচনে বদরগঞ্জ পৌরসভায় উপজেলা জাতীয় পার্টির নিজস্ব কোনো প্রার্থী না থাকায় অবশেষে ছাত্রলীগের রংপুর কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আজিজুল হককে জাতীয় পার্টি মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বদরগঞ্জ পৌরসভা জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে মহাজোটের প্রার্থী তারাই দেবে।’ তবে বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র পদপ্রার্থী (বর্তমান মেয়র) উত্তম কুমার সাহা বলেন, ‘গত ২৬ ডিসেম্বর কেন্দ্র থেকে আমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা আমার পক্ষে আছেন। আমি নির্বাচন করব।’