বদরগঞ্জে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিতভাবে সুশিক্ষা দিতে পারলে শিশুরা বিপথে যাবে না। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মায়েদের এগিয়ে আসতে হবে।
গতকাল রোববার বেলা ১১টায় রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত মা সমাবেশ ও শিশুবরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌরসভা এলাকার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুটুল চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ্ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে ওই বিদ্যালয়গুলোতে চলতি বছরে শিশু শ্রেণিতে ভর্তি হওয়া শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।