ঘুষ নেওয়ার অভিযোগে রংপুরের বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বদরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে গত ১৭ সেপ্টেম্বর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের আটজন প্রার্থী বাদী হয়ে এ মামলাটি করেন। মেয়র উত্তম কুমার সাহা কলেজিয়েট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি। মামলার অন্য আসামিদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা খাতুন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মিজানুর রহমানের নাম আছে।
আদালতে দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান গত ১৮ জুলাই অবসরে যান। এরপর ওই পদে নিয়োগ দেওয়ার জন্য গত ১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য আগাম পাঁচ লাখ টাকা নিয়েছেন উত্তম কুমার। নিয়োগ পাওয়ার পর আরও তিন লাখ টাকা দেওয়া হবে বলে চুক্তি হয়েছে। এ ছাড়া শফিকুল ইসলাম ৫০ হাজার টাকা দিয়ে ডিজির প্রতিনিধি মিজানুর রহমানের কাছ থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগাম সংগ্রহ করেছেন। মিজানুর রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক।
আগামী ১৩ অক্টোবর প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হবে। এ পরিস্থিতিতে মামলার বাদীরা ওই পরীক্ষা নিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। ২১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে।
পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। তাঁর বিরুদ্ধে দুর্নাম রটানো হচ্ছে। বিধি মোতাবেক পরীক্ষা নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। ডিজির প্রতিনিধি মিজানুর রহমান বলেন, টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউর রহমান বলেন, প্রধান শিক্ষক পদে আবেদন করেন ১৯ জন প্রার্থী। নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য গত ২২ সেপ্টেম্বর ও ৯ অক্টোবর নির্ধারণ করা হলেও তা নেওয়া সম্ভব হয়নি। আগামী ১৩ অক্টোবর ওই পরীক্ষা নেওয়া নিয়ে নানা ঝামেলা হচ্ছে।
অন্যদিকে, ঘুষ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর প্রতিবাদে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পাঁচজন অভিভাবক সদস্য ও একজন দাতা সদস্য গত ৭ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন। তাঁরা হলেন অভিভাবক সদস্য হাবিবুর রহমান, ফেরদৌসী আয়েশা সিদ্দিকা, শরিফুল ইসলাম, এমদাদুল হক, মোশফেকুর রহমান ও দাতা সদস্য এস এ মতিন। ফেরদৌসী আয়েশা সিদ্দিকা বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ছয়জন সদস্য পদত্যাগ করায় পুরো কমিটি ভেঙে যাওয়ার কথা। এরপরও আগামী ১৩ অক্টোবর প্রধান শিক্ষক পদে ওই পরীক্ষা নেওয়া হলে তা হবে অবৈধ।