বদরগঞ্জে লাশ নিয়ে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গতকাল শনিবার এক মাছ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে এলাকাবাসী। গত শুক্রবার ওই ব্যবসায়ী কারা হেফাজতে মারা যান। এর আগে গত বৃহস্পতিবার মাদক সেবনের দায়ে তাঁকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।ওই ব্যবসায়ীর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, জেলহাজতে পাঠানোর আগে পুলিশের মারধরের শিকার হন বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুর রহিম (৫০)।ওই ব্যবসায়ীর স্ত্রী মনজিলা খাতুন বলেন, মাদক সেবন করায় গত বুধবার স্বামীর বিরুদ্ধে মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। ওই দিনই তাঁর স্বামীকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাঁকে থানাহাজতে রাখা হয়।মনজিলা খাতুনের ভাষ্যমতে, থানা হেফাজতে পুলিশ তাঁর স্বামীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। এরপর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর স্বামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার কারাগারে পাঠানোর পর আবদুর রহিম অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ শুক্রবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।কারাগারে পাঠানোর এক দিনের মাথায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। প্রায় ২০০ নারী-পুরুষ নিহত রহিমের লাশ নিয়ে শহরে বিক্ষোভ ও দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখে। পরে ওই ব্যবসায়ীর পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সমঝোতা বৈঠক শেষে থানা ঘেরাও কর্মসূচি স্থগিত করে এলাকাবাসী।পৌর কমিশনার নুর মোহাম্মদ বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।থানা হেফাজতে ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল জাহান আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন নুর মোহাম্মদ।তবে পুলিশের ওই দুই সদস্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার বলেন, আটকের সময় আবদুর রহিমকে মারধর করা হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান বলেন, ‘কেউ দায়ী থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিচার হবে।’এদিকে এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।