বদরগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাভারের ভবনধসে নিহত ব্যক্তির লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও অপর একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। ডাকাতেরা লাশ দাফনের জন্য সরকারিভাবে দেওয়া অনুদানের নগদ ২০ হাজারসহ মোট ৫৭ হাজার টাকা ও ১১টি মুঠোফোন লুটে নেয়। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বদরগঞ্জ পৌরসভার যমুনেশ্বরী সেতুর কাছে এই ডাকাতি হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর শেখপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী খাদিজা বেগম (২৮) সাভারের রানা প্লাজার পোশাক কারখানায় চাকরি করতেন। ইউনুস আলী সেখানে রিকশা চালাতেন। সাভার ট্র্যাজেডিতে খাদিজা নিহত হন। গত শুক্রবার সাভার থেকে সরকারি অনুদানের ২০ হাজার টাকাসহ খাদিজার লাশ ইউনুস আলীকে বুঝিয়ে দেওয়া হয়। ইউনুস ও তাঁর স্বজনেরা লাশ অ্যাম্বুলেন্সে তুলে পার্বতীপুরের উদ্দেশে রওনা হন। ইউনুস জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি রংপুর-বদরগঞ্জ সড়কের যমুনেশ্বরী সেতুর অদূরে পৌঁছানোর পর রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁদের পথরোধ করে।ডাকাতেরা অস্ত্রের মুখে লাশের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে অনুদানের ২০ হাজার টাকাসহ ২২ হাজার টাকা ও সাতজনের কাছে থাকা সাতটি মুঠোফোন লুটে নেয়। এর আগে ডাকাতেরা সেখানে আরও একটি অ্যাম্বুলেন্স আটক করে তাতে ডাকাতি করে। ওই অ্যাম্বুলেন্সের চালক মোতালেব হোসেন মুঠোফোনে জানান, তাঁরা রংপুর থেকে বদরগঞ্জে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে তিনিসহ মোট চারজন ছিলেন। মোতালেব বলেন, ডাকাতেরা গাছ ফেলে প্রথমে গাড়ি আটক করে তাঁদের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুটে নেয়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছালে ডাকাতেরা সেটিকে আটক করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় সহকারী উপপরিদর্শক দুলালচন্দ্র রায় এবং অপর চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ওসি জানান, এ ঘটনায় খাদিজা বেগমের স্বামী ইউনুছ আলী থানায় মামলা করেছেন।