রমজান মাস শুরুর পর থেকেই রংপুরের বদরগঞ্জ উপজেলায় লোডশেডিং বেড়েছে। ইফতার, তারাবির নামাজ ও সেহ্রির সময়ও ঠিকমতো বিদ্যুৎ না পেয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকেরা।
‘কেবল ইফতারের সাইরেন দেওচে ওই সমায় কারেনটা (বিদ্যুৎ) ফকাত করি গেলো। ইফতার আর মগরেবের (মাগরিব) নামাজ শেষ হয়ানি আইল। ফির তারাবির নামাজ শুরুর আগোত কারেন উধাও। পোয়াতে (সেহ্রি) ভাত খাবার কেবল বইসোচি, কারেন চলি গেলো। আর নাই। আন্দারোতে (অন্ধকারে) ভাত খাইনো।’ কথাগুলো এভাবেই বলেন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহক বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের কৃষক বরকতুল্লাহ সরকার।
বালুয়াভাটা এলাকার বিদ্যুৎ গ্রাহক মশিউর রহমান বলেন, ‘সরকার বলছে কোনো লোডশেডিং নাই। অথচ ইফতার, তারাবি ও সেহ্রির সময় আমরা বিদ্যুৎ পাচ্ছি না। অন্য সময়ও বিদ্যুতের একই অবস্থা।’জামালপুর গ্রামের গৃহিণী এসমোতারা বেগম জানতে চান, ‘এ্যালাতো সেচ মৌসুম নাই। তা রোজাও আইলো কারেনটাও কমি গেলো ক্যান?’
স্থানীয় বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলাকে এ, বি, সি ও ডি ফিডারে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত শনিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে ৬টা ৪৭ মিনিটে সবগুলো ফিডারের বিদ্যুৎ চলে গিয়ে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে যায়। পরে বিদ্যুৎ আসে পৌনে আটটার দিকে। এরপর তারাবির আগে অর্থাৎ রাত সাড়ে আটটার দিকে সি-ফিডারের অধীন এলাকায় আবার বিদ্যুৎ চলে যায়। নামাজ শেষ হওয়ার পর রাত ১০টার দিকে আসে। এরপর আবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে সি ও ডি ফিডারে বিদ্যুৎ চলে গিয়ে আসে ভোর ৩টা ৪৭ মিনিটে। এতে সেহ্রি খেতে বিড়ম্বনায় পড়েন রোজাদাররা।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম-কম) মনজুর রহমান বলেন, ‘উপজেলায় আমাদের বিদ্যুতের চাহিদা প্রতিদিন কমপক্ষে ৮ মেগাওয়াট। কিন্তু রমজান শুরুর পর থেকে আমরা পাচ্ছি মাত্র ৪ মেগাওয়াট। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।’