বদরগঞ্জে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘী ও/এ উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে ২০০৫ সালে দুই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে একজন এমপিওভুক্ত হন। অপরজন এ বিষয়ে অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনওর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।তদন্তে দেখা যায়, ওই দুই ব্যক্তির নিয়োগপত্রসহ সব কাগজই ভুয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সমছের আলী ও প্রধান শিক্ষক সাদেক আলী টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে ওই পদে তাঁদের নিয়োগ দেন। এ ঘটনায় ওই দুই শিক্ষকসহ সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ তদন্ত প্রতিবেদন গত ২৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ রংপুরের জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।নিয়োগ পাওয়া দুই শিক্ষক সাইফুল আযম ও মাহমুদ আলী সরকার দাবি করেন, সহকারী প্রধান শিক্ষক পদে তাঁদের নিয়োগ সঠিক ছিল। সাবেক সভাপতি সমছের আলী অসুস্থতার কারণে শয্যাশায়ী থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সাবেক প্রধান শিক্ষক সাদেক আলী বলেন, ‘আমি কাউকে ভুয়া নিয়োগ দিইনি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক বলেন, ‘ওই দুই শিক্ষকের নিয়োগপ্রক্রিয়াসহ সব কাগজপত্রই ভুয়া। এ রকম জালিয়াতি আর দেখিনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই দুজনকে একই পদে নিয়োগ দেওয়া হয়।’বিদ্যালয়ের বর্তমান সভাপতি আবদুল আজিজ বলেন, জালিয়াতির ঘটনাটি ধরা পড়ার পর এমপিওভুক্ত শিক্ষক মাহমুদ আলী সরকারের বেতনভাতা জানুয়ারি থেকে স্থগিত রাখা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাস বুধবার বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। তদন্ত প্রতিবেদন পাঠিয়ে থাকলে ফাইলপত্র দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।