বদরগঞ্জে শিলাবৃষ্টি, ৮০০ একরের ফসল নষ্ট
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১৫টি গ্রামের চাষিরা ঋণ নিয়ে ও কয়েক মাস খেটে বোরো ধান ও অন্যান্য ফসল চাষ করেছিলেন। কয়েক দিন পরই পুরোদমে ধান কাটা শুরু হতো। কিন্তু মঙ্গলবার মাত্র ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে অনেক কষ্টে আবাদ করা তাঁদের সেই ফসল নষ্ট হয়ে গেছে। এতে ওই ১৫ গ্রামের দেড় সহস্রাধিক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জানান, মাত্র ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে ধান শিষ থেকে ঝরে মাটিতে মিশে গেছে। এখন শুধু জমিতে ধানগাছ দাঁড়িয়ে আছে। শিলাবৃষ্টিতে ৮০০ একর জমিতে আবাদ করা ধানসহ অন্যান্য ফসলও একেবারে নষ্ট হয়েছে।চাষিরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকাশ মেঘে ঢেকে যায়। প্রথমে দমকা বাতাস বয়ে যায় এবং পরে শিলাবৃষ্টি হয়। ছোট ও মাঝারি ধরনের শিলার আঘাতে ধান মাটিতে ঝরে পড়ে। ধানের পাশাপাশি পাট, পটোল, করলা, মরিচসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে। এতে গোয়েন্দাপাড়া, শেখপাড়া, মাল্লমপাড়া, কবিরাজপাড়া, বোর্ডেরহাট, সরদারপাড়া, কানাপাড়া, কাচারিপাড়া, কামারপাড়া, ডাঙাপাড়া, বছরপাড়া, হেলারচক, পাইকপাড়া, ফকিরপাড়া ও হাসিরপাড়া গ্রামের দেড় সহস্রাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।গত শুক্রবার ওই গ্রামগুলো ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে বোরো ধানের গাছ দাঁড়িয়ে আছে। দূর থেকে গাছের অবস্থা দেখে মনে হয় ধান ভালোই হয়েছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায়, শিষে কোনো ধান নেই। শিলার আঘাতে শিষ থেকে ধান মাটিতে ঝরে পড়েছে।শেখপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি জিয়াউর রহমান বলেন, ‘ধান নাইরে ভাই, ধান নাই। পাথরে (শিলায়) হামার সউগ শ্যাষ করি দেছে। তিন দিন থাকি চোউকের (চোখের) পানি থামোছে না।’ একই গ্রামের মোহসিন আলী জানান, তিনি তাঁর ৭৫ শতক জমিতে বিআর-২৮ জাতের বোরো ধান লাগিয়েছেন। এতে খরচ পড়েছে প্রায় ১৬ হাজার টাকা। এর মধ্যে ১০ হাজার টাকা স্থানীয় এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন। তিন মাস পর ওই ব্যবসায়ীকে তাঁর ১৫ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু শিলার আঘাতে তাঁর খেতের সব ধান ঝরে পড়েছে। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘ঝড়বৃষ্টি কিংবা শিলায় ধান ও অন্যান্য ফসলের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। ওই এলাকায় লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।’