বদরগঞ্জে শেকলে বেঁধে নারীকে নির্যাতন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় লাল বানু (৪০) নামের স্বামী পরিত্যক্ত এক নারীকে তাঁর ভাই বাঁশের খুঁটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই নারীর ভাইসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালে উপজেলার শেখেরহাট হাটখোলাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে স্বামী পরিত্যক্তা লাল বানু তাঁর মায়ের কাছ থেকে নয় শতক জমি টাকার বিনিময়ে কিনে দলিল করে নেন। এরপর ওই জমিতে কাঁচা ঘর তুলে তিনি বসবাস করে আসছিলেন। পাঁচ বছর আগে ওই জমির মালিক দাবি করে লাল বানুকে পিটিয়ে বাড়িছাড়া করেন তাঁর বড় ভাই আনিছ রহমান। এর পর থেকে লাল বানু প্রতিবেশীদের বাড়িতে বাস করে আসছিলেন। ওই জমি নিয়ে মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার সন্ধ্যায় লাল বানু আনিছ রহমানের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আনিছ ও তাঁর ছেলে নূর হোসেন তাঁকে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে বাশের খুঁটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করেন।খবর পেয়ে ওই দিন মধ্যরাতে এ প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, ওই নারীকে বাঁশের খুঁটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। উপস্থিত লোকজন তাঁর শেকল খুলে দেওয়ার সাহস পাচ্ছিলেন না। পরে মুঠোফোনে ঘটনাটি বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরীকে জানানো হলে রাত দুইটার দিকে পুলিশ ওই নারীকে উদ্ধার এবং আনিছ ও তাঁর জামাতা দুদু মিয়াকে গ্রেপ্তার করে।লাল বানু অভিযোগ করেন ‘তাঁর বাবা ২৫ বছর আগে ও মা আট বছর আগে মারা গেছেন। বিয়ের পর স্বামীও তাঁকে ছেড়ে গেলে তিনি অসহায় হয়ে পড়েন। একপর্যায়ে মায়ের কাছ থেকে নয় শতক জমি কিনে সেখানে তিনি ঘর তুলে বাস করে আসছিলেন। তাঁর বড় ভাই মামলা-মোকদ্দমায় তাঁকে ফাঁসিয়ে ও পিটিয়ে বাড়িছাড়া করেও ক্ষান্ত হননি, রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে নির্যাতন করেছেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আনিছ রহমান বলেন ‘লাল বানু আমার বাড়িতে ওই দিন সন্ধ্যায় চুরি করতে ঢুকলে তাঁকে বেঁধে রাখা হয়।’বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এ ঘটনায় লাল বানু বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেছেন।