বদরগঞ্জে সাংবাদিকদের হুমকিদাতা নেতাদের তিরস্কার করল আ.লীগ
রংপুরের বদরগঞ্জে সাংবাদিকদের হুমকিদানকারী যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের সেই নেতাদের তিরস্কার করেছেন আওয়ামী লীগের নেতারা। দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো নেতা-কর্মী নিজ স্বার্থে দলের নাম ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।প্রকাশ্য জনসভা করে উপজেলার সাংবাদিকদের গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার হুমকির কয়েক দিন পর গত সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে। দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিউক চৌধুরী দলের নাম ব্যবহার করে সাংবাদিকদের হুমকিদানকারী নেতাদের সতর্ক করে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, পৌর কমিটির সভাপতি উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের সেই নেতারা কেউ ছিলেন না।বদরগঞ্জ শহীদ মিনারে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় কথিত মেলা উন্নয়ন কমিটির ব্যানারে এবং ১০ মার্চ উপজেলা যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা সভা ডেকে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কথিত মেলা উন্নয়ন কমিটির সঙ্গে আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক নেই। তারপরও দলের নামে মেলা উন্নয়ন কমিটির ব্যানারে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।গত ২৫ ডিসেম্বর নিজে উপস্থিত হয়ে মেলা কমিটির কাছে চাঁদা দাবির অভিযোগে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব-এর প্রতিনিধি হাফিজ বাদশাহ ওসমানীর বিরুদ্ধে স্থানীয় থানায় মিথ্যা মামলা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কথিত মেলা ইজারাদার হেনা মো. ফেরদৌস। কিন্তু আলতাফ হোসেন ২৫ ডিসেম্বর ঢাকায় প্রথম আলোর সারা দেশের প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিন দিন পর তিনি বদরগঞ্জে ফিরে যান। তারপরও কথিত মেলা কমিটির নেতারা সমাবেশ করে তাঁকেসহ অন্য সাংবাদিকদের পিটিয়ে হত্যার হুমকি দেন। এরপর উপজেলার ২৬ জন সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।