বদরগঞ্জে সাংসদ আনিছুল ইসলাম অবরুদ্ধ!
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রংপুরের বদরগঞ্জ পৌরসভায় প্রচারকাজ চালানোর অভিযোগে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে আনিছুল ইসলাম দাবি করেছেন, নির্বাচনী প্রচারে নয়, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলছিলেন।উত্তরাঞ্চলের অন্যান্য পৌরসভার সঙ্গে বদরগঞ্জ পৌরসভায়ও আজ বুধবার ভোট গ্রহণ হচ্ছে। এ জন্য নির্বাচনী প্রচারের শেষ সময় ছিল সোমবার দিবাগত রাত ১২টা।প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পৌর নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজিজুল হককে সঙ্গে নিয়ে পৌর শহরের হক সাহেবের মোড়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী উত্তম কুমার সাহার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংসদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সেখানে যান। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে সাংসদ রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। আওয়ামী লীগের কর্মীরা ওই বাড়িতে তাঁকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সাংসদের অনুসারীরা ঘটনাস্থলে যান। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছান বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার। এ সময় সাংসদ ও তাঁর লোকজন ওই ঘটনার জন্য ইউএনও এবং ওসিকে তিরস্কার করেন।সাংসদ আনিছুল ইসলাম অভিযোগ করেন, ‘নির্বাচনে স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয়। তাদের মদদেই লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী উত্তম কুমার সাহার গুন্ডাবাহিনী আমার ওপর হামলা চালিয়েছে।’ এর বিচার চেয়ে বদরগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত রাখার দাবি জানান তিনি।তবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ‘সাংসদ বিধিমালা লঙ্ঘন করে নির্বাচনী প্রচার করছিলেন জানতে পেরে আমরা সেখানে গিয়েছিলাম। তবে আমার লোকজন তাঁকে অবরুদ্ধ বা লাঞ্ছনা করেনি।’