বদরগঞ্জে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমঝোতা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকার এবং তাঁদের সমর্থকদের মধ্যে সৃষ্ট বিবাদের মীমাংসা হয়েছে। রোববার রাতে রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হকের নেতৃত্বে বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।গতকাল সোমবার বদরগঞ্জ উপজেলা কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার সাংবাদিকদের জানান, তাঁর কার্যালয়ে রাত ১০টা থেকে একটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে। এ সময় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কথা শোনেন জেলা প্রশাসক এনামুল হক। পরে আনিছুল ইসলাম মণ্ডল ও বিশ্বনাথ সরকার কোলাকুলি করে নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নেন। রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরও বৈঠকে উপস্থিত ছিলেন।ইউএনও জানান, আগের দুই দিনের ঘটনায় উভয় পক্ষের মামলা আইনগতভাবে চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো পক্ষই এলাকায় নতুন করে মিছিল-সমাবেশ করতে পারবে না।জেলা প্রশাসক এনামুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘এলাকার উন্নয়ন ও মানুষের মঙ্গলের বিষয়টি চিন্তা করে দুই পক্ষের মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেছি।’সাংসদ আনিছুল ইসলাম বলেন, ‘সমঝোতার কিছু নেই। দলীয় লোকজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সমস্যার সমাধান হয়েছে।’ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানুষের ভালোমন্দ দেখা আমাদের দায়িত্ব। এসব মাথায় রেখে কষ্ট ভুলে সব মেনে নিয়েছি।’ গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য মাঠে বসে আছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী বলেন, পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা পরিষদে পুলিশ দায়িত্ব পালন করছে। শনিবার ইউএনওর সভাকক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ তথা টেস্ট রিলিফের (টিআর) গম ভাগবাটোয়ারা নিয়ে সাংসদ আনিছুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন উপজেলা চেয়ারম্যানের সমর্থক হিসেবে পরিচিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ। এ নিয়ে সভায় হট্টগোলের পর সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে শনিবার ও রোববার পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও হয়।