বদরগঞ্জে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে উপজেলা পরিষদের এক সভায় কথাকাটাকাটির জের ধরে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শনিবার বদরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সভা সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমিটি তথা টেস্ট রিলিফ (টিআর) কমিটির সভায় টিআরের ভাগবাটোয়ারা নিয়ে সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলেন উপজেলা চেয়ারম্যান সমর্থিত কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ। এতে হট্টগোলের সৃষ্টি হলেও পরে বিষয়টি নিয়ে ওই সভায়ই সমঝোতা হয়। কিন্তু এই খবর বাইরে ছড়িয়ে পড়লে সাংসদের সমর্থকেরা উপজেলা পরিষদ মাঠে জড়ো হয় এবং উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের মোটরসাইকেলটি আটক করে চালক শফিকুল ইসলামকে কিল-ঘুষি মারে। এ সময় উপজেলা চেয়ারম্যানও লাঞ্ছিত হন। এ খবর শুনে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে সাংসদের অনুসারীদের ধাওয়া করে। এ সময় তারা স্থানীয় সিও বাজারে সাংসদের সমর্থক হিসেবে পরিচিত শওকত হোসেন (৩৬) ও তাঁর বড় ভাই শিক্ষক সহিদার রহমানকে (৪২) আটক করে মোটরসাইকেল ভাঙচুর ও তাঁদের লাঠিপেটা করে। এতে শওকত হোসেনের ডান হাত ভেঙে যায়। আহতাবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শওকত হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওই ঘটনার জের ধরে বেলা তিনটা পর্যন্ত উপজেলা পরিষদে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের দরজা ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ১৪-১৫ জন আহত হয়। এ সময় সিও বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আহত ব্যক্তিরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা নেন। সন্ধ্যার দিকে ভুট্টো লোহানী নামের সাংসদের এক সমর্থককে মারধর করে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে সাংসদের সমর্থকেরা। ইউপি চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ অভিযোগ করেন, ‘আগে কোনো সাংসদ টিআরের গম নিজ নামে বরাদ্দ না নিলেও সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল নিজ নামে ২৫ টন এবং দলের নামে ২৫ টন বরাদ্দ নেন। সভায় এর প্রতিবাদ করায় তিনি আমাকে মারতে উদ্যত হন।’সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘স্থানীয় কুতুবপুর হাইস্কুলের কমিটি গঠনের জেরে উপজেলা চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে সভায় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাকে অশালীন কথা বলেন। বিষয়টি সেখানেই মীমাংসা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের লোকজন আমার লোকজনকে মারধর করে। নিজের বা দলের নামে টিআর বরাদ্দ চাইনি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘আমি কার্যালয় থেকে বের হলে সাংসদের লোকজন আমার মোটরসাইকেল আটকিয়ে চালককে মারধর এবং আমাকে লাঞ্ছিত করে। এ ব্যাপারে আমি আইনি ব্যবস্থা নেব।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই থানায় অভিযোগ দেবে বলে জানিয়েছে।ইউএনও রেজাউল আলম সরকার বলেন, সভায় সাংসদকে উদ্দেশ করে এক চেয়ারম্যানের মন্তব্যে খানিকটা হট্টগোল হয়। পরে তা সমঝোতাও করা হয়। কিছু অতি উত্সুক লোকজন পরে উপজেলা পরিষদে জমা হয়ে লাঠিসোঁটা নিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালায়।