বদরগঞ্জে সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আনোয়ার হোসেন (৩৮) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ এ দণ্ড দেন।
বদরগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক জুলফিকার আলী বলেন, ১৫ বছর আগে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের পলিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনোয়ার কালুপাড়া ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের দুটি সন্তানও হয়। একপর্যায়ে আনোয়ার মাদকাসক্ত হয়ে পড়েন। দেড় বছর আগে স্ত্রী আনোয়ারকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান। কিন্তু মাদকাসক্ত আনোয়ার প্রায় দিনই ওই নারীর বাবার বাড়িতে এসে তাঁকে উত্ত্যক্ত করতেন। গত রোববার রাতেও তিনি ওই নারীর বাবার বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়।