বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ভেলাকোবা সেতুর কাছে গত সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বদরগঞ্জের রামনাথপুর বাকশাপাড়া গ্রামের ভ্যানচালক আবু মোতালেব (৩৫), মোকসেদপুর ডাঙ্গাপাড়া গ্রামের পবি রায় (১৮) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট এলাকার গৃহবধূ বিলকিছ বেগম (৪৫)।
গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার রামনাথপুর বালাপাড়া গ্রামে একটি বাড়িতে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস পার্বতীপুরের জমিরহাটের দিকে যাচ্ছিলেন। ভেলাকোবা সেতুর কাছে পৌঁছালে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ভ্যানযাত্রী পবি রায়, ভ্যানচালক আবু মোতালেব ও বরযাত্রী বিলকিছ বেগম মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত পার্বতীপুর জমিরহাট এলাকার বরযাত্রী মোরশেদা বেগম (৪৫), সুলতানা বেগম (৩৫) ও হাসান আলীকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাগর (৩০), রেহেনা বেগম (৪৫), আবদুর রাজ্জাক (২৫) ও আমিনুর রহমানকে (৩৫) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।