বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
রংপুরের বদরগঞ্জে আশিকুর রহমান তালুকদার রবি (৪২) নামের এক সাংবাদিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের খোলাহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক অর্জনের বার্তার সম্পাদক বলে জানা গেছে। তাঁর বাড়ি রংপুর সদর উপজেলার পূর্ব শালবনপাড়া গ্রামে। তাঁর বাবা আবদুল মতিন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে সাংবাদিক আশিকুর রহমান ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে রংপুর সদর থেকে পার্বতীপুর যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। পথিমধ্যে ওই সড়কের খোলাহাটি এলাকার পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাঁদের ধাক্কা দেয়। তবে কোন ধরনের যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে, তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আশিকুর। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিশনারি হাসপাতালে ভর্তি করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।’