বদরগঞ্জে ১৪টি ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন
হাইকোর্টের নির্দেশে রংপুরের বদরগঞ্জে ১৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ভাটার আগুন নেভান ও কাঁচা ইট ধংস করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ইটভাটা রয়েছে ৩৭টি। এসব ইটভাটা নিয়মনীতি উপেক্ষা করে কৃষি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক স্থানে গড়ে তোলায় এবং ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতির অভিযোগে ভাটাগুলো বন্ধের দাবিতে হাইকোর্টে লিখিত আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন। বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৮ মার্চ লাইসেন্সবিহীন ইটভাটা ও আইন লঙ্ঘন করে গড়ে তোলা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশপ্রাপ্তির সাত দিনের মধ্যে রংপুরের জেলা প্রশাসক ও ইউএনওকে নির্দেশ দেন এবং ৬ এপ্রিল আদালতকে তা অবহিত করতে বলেন।
বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হচ্ছে বিবিসি, আরআরবি, টিবিসি, বিবিএম, কেবিএল, এআরবিএল, পিবিএম, ইবিএল, আরবিএম, বিবিএল, কেআইএনজি, আরবিএল-২, আরবিসি ও বিবিবি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশের আলোকে বদরগঞ্জের ৩৭টি ইটভাটার মধ্যে লাইসেন্সবিহীন ১৪টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।