রংপুরের বদরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের ২ হাজার ৭৯টি কার্ড বাতিল করা হয়েছে। এসব কার্ড ধনী ব্যক্তিদের নামে করা হয়েছিল। এ ছাড়া ধনীদের নামে থাকা কার্ড ফেরত চেয়ে গত বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ওই মাইকিং করা হচ্ছে।
প্রথম আলোর বিশাল বাংলায় ৯ নভেম্বর ‘গরিবের চাল ধনীর পেটে!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯টিতে অনুসন্ধান চালিয়ে ধনীদের নামে থাকা ওই ২ হাজার ৭৯টি কার্ড বাতিল করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকবুল হোসেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, দামোদরপুর ইউনিয়নে ২৭২টি, রাধানগরে ২১০, গোপীনাথপুরে ৪২১, বিষ্ণপুরে ১৩৩, গোপালপুরে ২৫৬, লোহানীপাড়ায় ২১০, কুতুবপুরে ১৪৫, কালুপাড়ায় ২৬৮ ও মধুপুর ইউনিয়নে ১৬৪টি কার্ড বাতিল করা হয়েছে।
মধুপুর ইউপি কার্যালয়ের উদ্যোগে ধনীদের নামে থাকা কার্ড ফেরত চেয়ে মাইকিং চলছে। ওই ইউনিয়নের রাজারামপুর গ্রামের মোকারম হোসেন বলেন, ওই মাইকিংয়ে বলা হচ্ছে, ধনী ব্যক্তিদের নামে ১০ টাকা কেজির চালের কার্ড হয়ে থাকলে তা দ্রুত ফেরত দিন। অন্যথায় এর দায়িত্ব কার্ডধারী ব্যক্তিকে নিতে হবে। ঝামেলা হলে ইউপি এর জন্য দায়ী থাকবে না।
ওই মাইকিংয়ের প্রতিক্রিয়ায় মধুপুরের ধনতোলা গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘হতদরিদ্র লোকদের কার্ড ধনী ব্যক্তিদের নামে করেছে চেয়ারম্যান-মেম্বাররাই। এখন ঠেলায় পড়ে সেই কার্ড ফেরত চেয়ে মাইকিং করা হচ্ছে।’ তবে রাধানগর ইউনিয়নে ওই কার্ড বিতরণে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। মণ্ডলপাড়া গ্রামের সেলিম হোসেন অভিযোগ করে বলেন, ‘অধিকাংশ কার্ড ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নিয়ে দেওয়া হয়েছে।’ কিন্তু লেনদেনের অভিযোগ অস্বীকার করে রাধানগর ইউপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব অপপ্রচার ও মিথ্যা কথা।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকবুল হোসেন বলেন, ধনীদের নামে থাকা ২ হাজার ৭৯টি কার্ড শনাক্তের পর বাতিল করে তা এলাকার বঞ্চিত হতদরিদ্র মানুষের নামে করা হয়েছে। এখনো বিভিন্ন ইউনিয়নে অনুসন্ধান চলছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধনীদের নামে কার্ড থাকলে তা ফেরত চেয়ে মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কোনো সচ্ছল ব্যক্তি কার্ড জমা না দিয়ে চাল উত্তোলন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।