বদরগঞ্জে ২৩টি কার্ড বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির রংপুরের বদরগঞ্জ উপজেলার সেই অবসরপ্রাপ্ত সেনাসদস্য, মাদ্রাসার দুই পিয়নসহ ২৩ সচ্ছল ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। ওই কার্ড বাতিল করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব মো. মকবুল হোসেন।
প্রথম আলোর বিশাল বাংলায় গত বুধবার ‘গরিবের চাল ধনীর পেটে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর গতকাল রোববার পর্যন্ত ওই ২৩টি কার্ড বাতিল করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকাশিত ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিনই জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কে এম তরিকুল ইসলাম ও খাদ্য পরিদর্শক অনীমেশ রায়। গতকাল কমিটির সদস্যরা জেলা খাদ্য কর্মকর্তার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
মকবুল বলেন, তদন্তে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। সচ্ছল ব্যক্তিদের নামে থাকা ২৩টি কার্ড বাতিল করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম বলেন, ‘ওই সচ্ছল ব্যক্তিদের নামে থাকা কার্ড বাতিল করা হয়েছে। পুনরায় তাঁদের নামে কার্ড দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’