বদরগঞ্জে ৪৫০ একরের ধানে চিটা
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে কৃষিজমি ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে গড়ে ওঠা তিন ইটভাটার ধোঁয়ায় আশপাশের ৪৫০ একর জমির বোরো ধান চিটা হয়ে গেছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
ইটভাটাগুলোর কারণে শিক্ষক-শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও সমর্থক ভাটা তিনটির মালিক।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে বদরগঞ্জ-লালদীঘি সড়কের পাশে আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা ও আসমোতুল্লাহ এতিমখানা ঘেঁষে এইউবি, ইউবিএল ও ইউবিবিএল নামের ইটভাটাগুলো গড়ে তোলা হয়। এইউবি ও ইউবিএল ভাটা দুটি পাশাপাশি এবং ইউবিবিএল নামের ভাটাটি প্রায় এক হাজার গজ দূরে অবস্থিত। ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় সম্প্রতি আশপাশের ৪৫০ একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুল হক বলেন, ‘ভাটার কালো ধুমাতে (ধোঁয়ায়) সউগ ধান পাতান (চিটা) হয়া গেইছে। এবার হামার মরণ ছাড়া উপায় নাই।’
হাটখোলাপাড়া গ্রামের বাসিন্দা খাদিমুল হক অভিযোগ করেন, ইট পোড়ানোর সময় বাড়িতে থাকা যায় না। আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল মতিন সরকার বলেন, ইট পোড়ানোর ধোঁয়া ও গন্ধে ক্লাসে থাকা যায় না। কাশি ও বমি হয়। শরীর চুলকায়। প্রায় সময়ই ক্লাসে শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়ছে।
ইউবিএল ইটভাটার মালিক খোকা মিয়া ও আলমগীর হোসেন। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাঁদের দাবি, তাঁরা বৈধভাবে ভাটা নির্মাণ করেছেন। এতে কারও ক্ষতি হলে সেটা তাঁদের দেখার বিষয় নয়। এইউবি ইটভাটার মালিক তিনজন। তাঁরা হলেন বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ও দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। উত্তম কুমার সাহা দাবি করেন, সরকারি নীতিমালা মেনেই তাঁরা ইটভাটা নির্মাণ করেছেন।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এর সত্যতা পেয়েছেন। আইন অনুযায়ী ইটভাটা নির্মাণ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি থেকে অন্তত তিন কিলোমিটার দূরে এবং অকৃষি জমিতে।