রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির অধীন হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়নি। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ইউনিয়ন কমিটি উপকারভোগী ব্যক্তিদের তালিকা না দেওয়ায় চাল বিতরণ করা যাচ্ছে না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জের ১০টি ইউনিয়নের ১৯ হাজার ৯৬২ জন হতদরিদ্র ১০ টাকা কেজি দরে চাল পাবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাঁদের চাল পাওয়ার কথা। এ লক্ষ্যে প্রতি ইউনিয়নে একজন সরকারি কর্মকর্তাকে সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে কমিটির সদস্যসচিব করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইউএনও মনোনীত প্রতিনিধি দুজন, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও সদস্যরা রয়েছেন। এই কমিটির সদস্যরাই হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরি করবেন। চাল বিক্রির জন্য প্রতি ইউনিয়নে চারজন করে ডিলার নিয়োগ করা হয়েছে। ডিলারের কাছ থেকে একজন উপকারভোগী ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে শুধু গোপালপুর ইউনিয়নে দেড় হাজার উপকারভোগী ব্যক্তির মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। যথাসময়ে তালিকা না পাওয়ায় বাকি নয়টি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ওই কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব মো. মকবুল হোসেন বলেন, ‘গতকাল সোমবার পর্যন্ত লোহানীপাড়া, কালুপাড়া, রাধানগর, রামনাথপুর ও গোপীনাথপুর ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের তালিকা হাতে পেয়েছি। এসব ইউনিয়নে এক-দুই দিনের মধ্যে চাল বিক্রি করা হবে। তবে দামোদরপুর, মধুপুর, কুতুবপুর ও বিষ্ণুপুরের তালিকা এখনো হাতে পাইনি।’
লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ্ বলেন, ‘২০ দিন আগে ২ হাজার ৪৮ জন হতদরিদ্র মানুষের নামের তালিকা উপজেলা খাদ্য অফিসে জমা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ইউনিয়নে চাল বিক্রি শুরু হয়নি।’
তালিকা জমা না দেওয়ার কারণ জানতে চাইলে দামোদরপুর ইউনিয়ন কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। ওই তালিকা সম্পর্কে কিছুই বলতে পারছি না।’
মধুপুর ইউপির চেয়ারম্যান আয়নাল হক বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের কারণে তালিকা তৈরি করতে পারছি না। তিনি তালিকায় তাঁর লোকজনকে ঢোকাতে চান। আমি রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি বলেন, ‘আমি কোনো চেয়ারম্যানের কাছ থেকে ভাগ চাইনি। আওয়ামী লীগ-সমর্থিত হতদরিদ্র মানুষ যেন তালিকায় অন্তর্ভুক্ত হন—সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলেছিলাম।