বদরগঞ্জে 'সিঁড়ি'র এমডি পুলিশি হেফাজতে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) সিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল কাদের মজুমদারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে জনরোষানল থেকে এমডি কাদের মজুমদারকে উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় পৌর কাউন্সিলর খোকন কুমার দাস বলেন, ওই এনজিওর বদরগঞ্জে প্রায় দেড় হাজার সদস্য রয়েছেন। এনজিওর লোকজন গ্রাহকদের সঞ্চয় ও আমানতের অন্তত ২০ লাখ টাকা ফেরত না দিয়ে কার্যালয় গুটিয়ে পালানোর চেষ্টা করেন। এতে বিক্ষুব্ধ সদস্যরা গত মঙ্গলবার দুপুরে এমডি কাদের মজুমদারকে সংস্থার কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। এরপর থেকে সংস্থার সদস্যরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন। এমডি বৃহস্পতিবার কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওই দিন রাত ১১টার দিকে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে গতকাল দুপুরে ওই সংস্থার সদস্যরা আমানত ও সঞ্চয়ের টাকা ফেরত পেতে বদরগঞ্জ থানার সামনে ভিড় করেন।
গতকাল বিকেলে পুলিশি হেফাজতে থাকা এমডি কাদের মজুমদার বলেন, ‘আমার এনজিওটি অবৈধ নয়। ক্ষুদ্রঋণ পরিচালনার সনদ আমার রয়েছে। আমিনুল ইসলাম নামের এক মাঠকর্মীকে সংস্থার বদরগঞ্জ শাখা থেকে রংপুর সদর শাখায় বদলি করা হলে তিনি (আমিনুল) নিজ স্বার্থ হাসিলের জন্য সদস্যদের উসকে দেন। এতে সদস্যরা ভুল বুঝে আমাকে কার্যালয়ে আটকে রাখেন। সবার টাকাই ফেরত দেওয়া হবে।’