বদরগঞ্জের অগ্নিদগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূ সীমা বেগম (২৩) ২৩ দিন মৃত্যুযন্ত্রণায় ছটফট করার পর গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি মিলে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে মৃত্যুর আগে সীমা বেগম তাঁর পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় সীমার মামা আবদুস সালাম গত ২৯ এপ্রিল রংপুরের বদরগঞ্জ থানায় সীমার স্বামী দেলোয়ার হোসেন, শাশুড়ি দুলালী বেগমসহ ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ৬ মে দুলালী বেগমকে গ্রেপ্তার করেছে। বদরগঞ্জ উপজেলার গোপালপুর বাবুপাড়া গ্রামের সৈয়দ আলীর তৃতীয় মেয়ে সীমা বেগমের সঙ্গে দক্ষিণ বাওচন্ডি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ে হয় দুই বছর আগে। তাদের সংসারে সাত মাসের একটি মেয়ে রয়েছে।দাবিকৃত যৌতুক দিতে না পারায় গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে শোয়ার ঘরে মা-ছেলে মিলে সীমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।