বদরগঞ্জের এক গ্রাম ছয় দিন ধরে বিদ্যুৎহীন
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে ছয় দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ভাপসা গরম ও প্রচণ্ড দাবদাহে গ্রামের গ্রাহকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গ্রামের বিদ্যুৎ গ্রাহক শিক্ষক মোস্তাক আহমেদ বলেন, গ্রামে পল্লী বিদ্যুতের ৪৪টি মিটার রয়েছে। ৫ জুন দুপুরে গ্রামের ২৫ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে গ্রামে বিদ্যুৎ নেই। বিষয়টি ওই দিনেই স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলে দুই দিন পর তারা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। এখন বিদ্যুৎ বিভাগের লোকজন বলছেন, এটি মেরামত করতে গ্রাহকদের ২৫ হাজার টাকা দিতে হবে। এ ছাড়া এলাকার দুটি সেচ সংযোগের বকেয়া টাকাও পরিশোধ করতে হবে। না হলে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে না। এতে ভাপসা গরম এবং রাতের অন্ধকারে গ্রামবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
আরেক গ্রাহক ফারুক হোসেন বলেন, গ্রামের ট্রান্সফরমারটি ছিল ১৫ কেভির। ২০-২৫ দিন আগে গ্রামের গ্রাহকদের কাছ থেকে ২৮ হাজার টাকা নিয়ে বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লোকজন ২৫ কেভিএ ওই ট্রান্সফরমারটি লাগিয়ে যান। এক মাস না যেতেই তা বিকল হয়ে গেল। গ্রাম বিদ্যুৎহীন হওয়ার পর গত ছয় দিনের মধ্যে রাতে দুটি বাড়িতে চুরি হয়েছে। তিনি বলেন, ‘কিছুদিন আগেই ট্রান্সফরমার কিনতে টাকা দিলাম। বারবার আমরা সাধারণ মানুষ এত টাকা কোথায় পাই?’
গ্রামের গ্রাহক আউয়াল হোসেন বলেন, ‘বোরো মৌসুম শেষ। গ্রামে যে দুজন সেচ গ্রাহক আছেন, তাঁদের সংযোগ বন্ধ রয়েছে। এখন ওই দুজনের বিদ্যুতের প্রয়োজন নেই। কাজেই তাঁরাও কোনো টাকা দেবেন না। তাহলে আবাসিক গ্রাহক হিসেবে আমরা বিনা মূল্যে ট্রান্সফরমার পাব না কেন? পল্লী বিদ্যুতের এটা কেমন আইন?’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকা কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম-কম) মনজুর রহমান বলেন, ওই ট্রান্সফরমারটি মেরামতে ২৫ হাজার টাকা লাগবে। গ্রাহকেরা টাকাটা জমা দিলেই তা মেরামত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রান্সফরমার লাগানোর এক বছরের মধ্যে তা নষ্ট হলে আবাসিক গ্রাহকদের বিনা মূল্যে তা সরবরাহ করা হয়। কিন্তু ওই গ্রামে দুজন সেচ গ্রাহক আছেন। কাজেই বিনা মূল্যে ট্রান্সফরমার পাওয়ার সুযোগ নেই।’