রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের ১৮ জনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তাঁদের মধ্যে ১১ জনের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁদের কষ্টের কথা। অভাব-অনটন ও স্বজন হারানোর প্রচণ্ড বেদনায় দিন কাটছে তাঁদের।
রাবেয়া বেগম: বাড়ি চাঁদকুঠিরডাঙ্গা গ্রামে। স্বামী মোস্তাকিন রহমান রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। রাবেয়া কাজ করতেন পোশাক কারখানায়। তাঁর মৃত্যুর পর একমাত্র ছেলে সবুজকে (৮) নিয়ে গ্রামে ফিরে আসেন মোস্তাকিন। দুর্ঘটনার পর রংপুরের সমাজসেবা কার্যালয় থেকে মাত্র ১২ হাজার টাকা সহায়তা পেয়েছিলেন।
পেয়ারুল ইসলাম: কাজ করতেন সিনিয়র সুপারভাইজার পদে। বাড়ি শিবপুর দীঘিরপাড় গ্রামে। পেয়ারুল মারা যাওয়ার সময় স্ত্রী মিনতি বেগম, দুই মাস বয়সী ছেলে মবিন, চার বছর বয়সী ছেলে মাহিনসহ বৃদ্ধ মা-বাবা ও তিন বোনকে রেখে যান। মবিনের বয়স প্রায় এক বছর দুই মাস। অনেক শুকিয়ে গেছে। ঠিকমতো খাবার না পাওয়ায় অপুষ্টিতে ভুগছে শিশুটি। একই রকম অবস্থা মাহিনের।
পেয়ারুলের মা পেয়ারা বেগম অভিযোগ করেন, ‘সরকারি সাহায্য পাওয়ার আশায় মিনতি চার মাস আগে বাড়িতে এসে সন্তান দুটিকে ফেরত চায়। কিন্তু সন্তানেরা তাঁর কাছে যেতে চায় না। এ কারণে মিনতি আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আমরাও মিনতির বিরুদ্ধে পাল্টা মামলা করেছি।’
আবু সাঈদ: তাঁর মা খুরশিদা খাতুন (৬১) এ প্রতিনিধিকে দেখে হাউমাউ করে কেঁদে বলেন, ‘বেটা মারা গেছে, আমার সব গেছে। আমরা বুড়াবুড়ি হয়েছি। চাকরি করে বেটা টাকা পাঠাত তা দিয়ে খেতাম।’
আবু সাঈদের বাড়ি চাঁদকুঠিরডাঙ্গা গ্রামে। তাঁর স্ত্রী সাত বছরের একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় গেছেন। সেখানে পোশাক কারখানায় কাজ করছেন।
ওজিফা খাতুন: বাড়ি কারুপাড়ার দাঁড়িয়ারপাড় গ্রামে। প্রথমে তাঁর লাশ পায়নি পরিবার। পরে কবরের সন্ধান পায়। ওজিফার স্বামী হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। গত রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পেটে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। ওজিফার ছয় ও সাত বছর বয়সের দুটি সন্তান রয়েছে। চার দিন আগে ক্ষতিপূরণ হিসাবে প্রধানমন্ত্রীর দেওয়া দুই লাখ টাকার চেক পেয়েছেন হাবিবুর। এখনো সেই টাকা তুলতে পারেননি।
জাহানারা বেগম: সাত ও আট বছর বয়সী দুই সন্তানকে নিয়ে স্বামী দুখু মিয়া ঢাকার সাভারে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মুঠোফোনে স্ত্রীর কথা জানতেই দীর্ঘশ্বাস ফেলেন। বলেন, ‘বাচ্চা দুটিকে সাভারের ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি। এটা আমার স্ত্রীর স্বপ্ন ছিল।’
জাহেদা বেগম: বাড়ি লোহানীপাড়া ইউনিয়নের কাচাবাড়ি নয়াপাড়া গ্রামে। মৃত্যুর পর স্বামী আবদুল আলিম আরেকটি বিয়ে করেছেন। ছেলে কোরবান আলী (৬) থাকে দাদি আলেয়া বেগমের কাছে। দেড় বছর বয়সী মেয়ে মুন্নীকে আরেক পরিবারে পালক দিয়েছেন।
রুবিনা খাতুন: বাবা আবুল কালাম ও মা আরজিনা খাতুনের সঙ্গে বছর তিনেক আগে ঢাকায় যান। বাবা রিকশা চালাতেন। রুবিনা রানা প্লাজায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করতেন। মা আরেকটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁদের বাড়ি কাচাবাড়ি চৌকিদারপাড়ায়। আবুল কালামের জমিজমা নেই। আছে থাকার একটি ঝুপড়িঘর।
আরিচা বেগম: স্বামী তাজকুল ইসলাম। বাড়ি কাচাবাড়ি শাওপাড়া গ্রামে। আরিচার দুই ছেলে এক মেয়ে। ছেলে আরিফুল (২৫) ও ছাইফুল (২২) দিনমজুরের কাজ করেন। মেয়ে তাজরিনা বেগমের বিয়ে হয় দুই বছর আগে। জমিজমা না থাকায় মেয়ের যৌতুকের ৭০ হাজার টাকা দিতে পারেননি। ওই যৌতুকের টাকা সংগ্রহ করতে রানা প্লাজা ধসে পড়ার দুই মাস আগে স্বামীর সঙ্গে ঢাকায় যান আরিচা বেগম। আরিচা চাকরি নেন রানা প্লাজায়। আর স্বামী রিকশা চালাতেন।
ছবেদা খাতুন: বাড়ি নাটারাম রোস্তমাবাদে। তিন বছর আগে ছবেদার বিয়ে হয়। স্বামী মাদকাসক্ত হওয়ায় তাঁকে তালাক দেন। দেড় বছর আগে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নেন। তাঁর বাবা শওকত আলী বয়স হওয়ায় এখন কাজকর্ম করতে পারেন না। জমিজমা নেই।
গোলাপী বেগম: স্বামী আয়নাল হক। বাড়ি কাঁচাবাড়ি সরকারপাড়ায়। মেয়ে রেহেনার (১৮) বিয়ে দিয়েছেন। বড় ছেলে গোলাপ হোসেন (১৫) ঢাকায় মানুষের বাড়িতে কাজ করে। ছোট ছেলে রকি বাবু (১০) দাদি আমেনা বেগমের সঙ্গে থাকে। সে পঞ্চম শ্রেণীতে পড়ছে।
লাভলী বেগম: স্বামী আবদুল আলিম। বাড়ি দক্ষিণ বিষ্ণুপুর চান্দুপাড়ায়। ১০ বছর আগে স্ত্রীকে নিয়ে ঢাকায় যান আলিম। লাভলী পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনার ১৭ দিন পর লাভলীর লাশ পাওয়া যায়। তাঁর সন্তান না থাকলেও পালিত সন্তান আছে তিনজন।