বদরগঞ্জের দুই রুটে চলছে বাস ধর্মঘট
অটোরিকশায় যাত্রী ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার জের ধরে রংপুরের বদরগঞ্জ-পার্বতীপুর ও বদরগঞ্জ-রংপুর রুটে চার দিন ধরে বাস ধর্মঘট চলছে। ফলে এ দুই রুটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর বিকেলে বদরগঞ্জ-রংপুর রুটের চেংমারী নামক স্থানে অটোরিকশায় যাত্রী ওঠানো হলে বাসশ্রমিকেরা প্রতিবাদ করেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ক্ষিপ্ত অটোরিকশার শ্রমিকেরা জোটবদ্ধ হয়ে বদরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসশ্রমিক অমূল্য রায়কে মারধর করেন। এর পর থেকে বাসশ্রমিকেরা ওই দুই রুটে বাস চলাচল বন্ধ করে দেন।অটোরিকশাচালক আকতারুল হক অভিযোগ করে বলেন, ‘আমরা পেটের দায়ে গাড়ি চালাই। বাসের চালক ও হেলপাররা সড়কে অটোরিকশায় যাত্রী তুলতে নিষেধ করেন। তাঁদের কারণে সড়কে আমাদের চোরের মতো যাত্রী তুলতে হয়।’ বাসশ্রমিক মোহসিন আলীর অভিযোগ, অটোরিকশার চালকদের বাসস্ট্যান্ড থেকে যাত্রী ওঠাতে নিষেধ করা হলেও তাঁরা তোয়াক্কা করেন না। ঘটনার দিন যাত্রী তোলার প্রতিবাদ করায় অটোরিকশার শ্রমিকেরা বাসের চালকের সহকারী অমূল্য রায়কে মারধর করেছেন।বদরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, অটোরিকশার লাইসেন্স দেয় পৌরসভা। এর কোনো রুট পারমিট নেই। বিধিমোতাবেক অটোরিকশা পৌরসভার বাইরে চলাচল করার কথা নয়। বাসশ্রমিককে মারধরের বিচার এবং সড়কে অটোরিকশা চলাচল বন্ধ না করা পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান।