বদরগঞ্জের নির্যাতিত সেই নারী হাসপাতালে
রংপুরের বদরগঞ্জে শিকলে বেঁধে নির্যাতিত সেই নারী লাল বানুকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুর রহমান বলেন, ‘আঘাতের কারণে লাল বানুর শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম রয়েছে।’
নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার নয় আসামরি মধ্যে সাতজন জামিন পেয়েছেন।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২৪ জুন ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে প্রতিপক্ষ। খবর পেয়ে পুলিশ ভোররাতে তাঁকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাল বানুর বড় ভাই আনিছ রহমান ও ভাইয়ের জামাতা দুদু মিয়াকে গ্রেপ্তার করে। নির্যাতনের ঘটনা নিয়ে ২৬ জুন প্রথম আলোতে ‘বদরগঞ্জে শেকলে বেঁধে নারীকে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলা করার একদিন পরই সাত আসামির জামিনে বেরিয়ে আসায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন লাল বানু। তিনি বলেন, ‘একদিন আগোত টানি ছেঁচড়ি আনি দড়ি শিকল দিয়া বান্ধিয়া মারলো। অ্যালাও ফুলা-জখম ব্যথায় সারে নাই। তার আগোত আসামিরা জামিন পায়া বুক ফুলি ঘুরি বেড়াওচে এই অপমান মুই সবার পাবার নেও। জেবন শ্যাষ করিম।’