বদরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক ওরফে মানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিশুসন্তানদের সামনে হাত-পা বেঁধে বাবা আমজাদ হোসেনকে (৩৫) মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর করা গতকাল রোববার এক চিঠিতে শহিদুল হককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, ওই  মন্ত্রণালয় থেকে শহিদুল হককে সাময়িক বরখাস্ত করার আদেশসংবলিত চিঠি গতকাল পাওয়ামাত্র ইউপি সদস্য মোসলেম উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, শিশুসন্তানদের সামনে হাত-পা বেঁধে বাবা আমজাদ হোসেন ও ছহিরুল ইসলাম নামের অপর এক ব্যক্তিকে অমানবিক নির্যাতন করার ঘটনায় প্রথম আলোর অনলাইনে প্রচারিত ভিডিও ফুটেজসহ প্রতিবেদনের সূত্র ধরে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। রংপুর স্থানীয় সরকার কার্যালয়ের উপপরিচালক এরশাদুল হক গত ২১ অক্টোবর সরেজমিন তদন্ত করে ঘটনার   সত্যতা পেয়ে প্রতিবেদন জমা   দেন। এর পরিপ্রেক্ষিতে শহিদুল হককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।

বদরগঞ্জের বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে আমজাদ হোসেন গত ঈদুল আজহায় কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ী মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। ঈদের কয়েক দিন আগে ১৩ অক্টোবর স্থানীয় কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ ও ছহিরুলকে আটক করেন। এরপর এই দুজনকে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে এলাকায় ঘোরান। পরে তাঁদের স্থানীয় বৈরামপুর উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।

মাঠে নেওয়ার পর ইউপি চেয়ারম্যান জনতার উদ্দেশে বলেন, ‘নির্বাচনে আমার পক্ষে যারা কাজ করেছে তারা মদাড়ু, জুয়াড়ু বা চোর নয়। আমার বিরুদ্ধে যারা ভোট খেলেছে, তারা ভালো মানুষ না। এরাই তারা, যাদের ধরা হয়েছে। তাদের কী করা উচিত?’ এ সময় চেয়ারম্যানের লোকজন বলে ওঠেন, ফাঁসি দেওয়া উচিত। এর পরপরই চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গরা আমজাদ ও ছহিরুলকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বেধড়ক লাঠিপেটা শুরু করেন।

এ সময় আমজাদের তিন অবুঝ মেয়ে বাবাকে পেটানোর দৃশ্য দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। বড় মেয়ে আফরিন আখতার (১০) বাবাকে জাপটে ধরে তাঁকে আর না পেটানোর আকুতি জানালেও নির্যাতনকারীদের মন গলেনি। প্রায় চার ঘণ্টা এভাবে পেটানোর পর বদরগঞ্জ থানা পুলিশের হাতে তাঁদের সোপর্দ করা হয়। পুলিশ ৫৪ ধারায় মামলা করে তাঁদের ১৪ অক্টোবর জেলহাজতে পাঠায়।

আট দিন আটক থাকার পর আদালতের নির্দেশে আমজাদ ও ছহিরুল জামিনে মুক্তি পান। তাঁদের অভিযোগ, বিগত নির্বাচনে চেয়ারম্যান শহিদুল হকের বিপক্ষে কাজ করায় তিনি ক্ষুব্ধ হয়ে গরু চুরির অভিযোগ তুলে তাঁদের নির্যাতন করেন।

নির্যাতনের ঘটনায় প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।