বদরগঞ্জের সেই চেয়ারম্যান ফের গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রাম্য সালিসে নির্যাতনের শিকার দুই গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান আয়নাল হককে পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। গ্রাম্য সালিসে নির্যাতনের শিকার দুই গৃহবধূকে হুমকি ও মামলা আপসরফা করার জন্য প্রলোভন দেখানোর অভিযোগে রংপুর বাস টার্মিনাল থেকে শনিবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে গত ১২ ডিসেম্বর ওই দুই গৃহবধূ অভিযোগ করেন, তাঁদের বিনা অপরাধে গ্রাম্য সালিসে নির্যাতন করেন মধুপুরের ইউপি চেয়ারম্যান আয়নাল হকসহ এলাকার মাতব্বরেরা। এ ঘটনায় মামলা হলে চেয়ারম্যান আয়নালসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে একে একে তাঁরা সবাই জামিনে ছাড়া পান। এরপর থেকে চেয়ারম্যান আয়নাল হক মামলাটি আপসরফা করতে দুই গৃহবধূকে টাকা দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। একপর্যায়ে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রামের এক ব্যক্তির বাড়িতে কৌশলে তাঁদের ডেকে নিয়ে হুমকি দেন। এ সময় তিনি স্থানীয় দুই সাংবাদিক আকাশ রহমান ও ফয়সল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে তাঁদের চাপ দেন। দুই গৃহবধূর এমন অভিযোগ শুনে হাইকোর্টের বিচারকদ্বয় তাৎক্ষণিকভাবে আদালতে উপস্থিত বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলীকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওসি তোবারক আলী সরকার জানান, শনিবার মধ্যরাতে আয়নাল হককে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নির্যাতিত দুই গৃহবধূর একজন হাফিজা বেগম ৩০ ডিসেম্বর বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে আদালতের অনুমতি সাপেক্ষে অভিযোগটি ৬ জানুয়ারি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।