রংপুরের বদরগঞ্জের বখাটে সেই খায়রুলকে ধরতে গতকাল রোববার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহউল শহীদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সিরাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু তারা বখাটেকে খুঁজে পায়নি।পুলিশ গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনের সাক্ষ্য গ্রহণ করে। দুপুরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বখাটের নির্যাতনের শিকার স্কুলছাত্রীর শয্যাপাশে গিয়ে তার কাছে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে। পুলিশ সুপার সালেহ্ মুহম্মদ তানভীর সরাসরি এ বিষয়ে তদারকি করছেন এবং ওই বখাটেকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলে থানার পুলিশের একটি সূত্র জানিয়েছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ সুপার সালেহ্ মুহম্মদ তানভীর এ প্রতিবেদককে বলেন খায়রুলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শক (তদন্ত) মেজবাহউল শহীদ ঘটনাস্থল ঘুরে এসে জানান, খায়রুল একজন বখাটে। তার স্বভাবচরিত্র ভালো নয়। সে মেয়েটিকে রাস্তায় ধরে মারধর করেছে, এটা সঠিক। তাকে গ্রেপ্তার করার জন্য জোর প্রচেষ্টা চলছে।দুপুরে ঘটনাস্থল জামুবাড়ি উন্তাপাড়া গ্রামে গেলে গ্রামবাসী ওই ঘটনার জন্য খায়রুলকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।