বদরগঞ্জের ৩৭টি হাটবাজারে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য
রংপুরের বদরগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৩৭টি হাটবাজারে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তা ও সামাজিক সচেতনতার অভাবে মাদক উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় বিশিষ্টজনেরা। তাই মাদক বিক্রি বন্ধে তাঁরা জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
গত মঙ্গলবার পৌরসভার উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টজনেরা মাদককে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এলাকার অনেকে জানান, উপজেলার লালদিঘী হাট, পাঠানের হাট, চিলাপাকের হাট, নাগের হাট, ট্রাক্সের হাট, কালির হাট, মুচির হাট, ঝাড়ুয়ার হাট, বিচিবাড়ি, কচুবাড়ির হাটসহ ৩৭টি হাটবাজারে এখন ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য দেদার বিক্রি হচ্ছে।
বাজেট আলোচনা থেকে জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় পৌর কার্যালয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। পৌর মেয়র উত্তম কুমার সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কিন্তু বাজেট ছাপিয়ে আলোচনায় স্থান পায় মাদকের ভয়াবহতা।
এ সময় বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী জানান, ভালো বাজেট মানুষের উন্নয়ন করতে পারে। কিন্তু মাদক এলাকার মানুষকে ধ্বংস করছে। পৌরসভাসহ উপজেলার ৩৭টি হাটবাজার এখন মাদকে ভাসছে। এসব বন্ধে পুলিশের ভূমিকা রহস্যজনক। জনপ্রতিনিধিসহ সামাজিকভাবে সবাইকে মাদক রুখতে এগিয়ে আসতে হবে।
বদরগঞ্জ ডিিগ্র কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মকলেছার রহমান জানান, উপজেলা মাদকমুক্ত করতেই হবে। নইলে এলাকায় শৃঙ্খলা থাকবে না। পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘এলাকায় মাদকের বিস্তার ঘটেছে এটা আমিও জানি। আমরা পৌর এলাকা থেকে মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছি।’
পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বদরগঞ্জ থানার ওসি জাহেদুর রহমান চৌধুরী বলেন, ‘মাদকের বিষয়ে আমরা কোনো ছাড় দেই না। ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে কারাগারে দিয়েছি।’