বদরুদ্দোজা চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মহসিনুল হক এ আদেশ দেন। হাসপাতালের সাবেক এক কর্মকর্তার বকেয়া পরিশোধ না করায় ওই সমন জারি করা হয়। আদালত আগামী ৭ মে সমন ফেরত-সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন। মামলার অপর বিবাদীরা হলেন, ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এ এম মুজিবুল হক, সদস্যসচিব অধ্যাপক মুজিবুর রহমান, সদস্য অধ্যাপক এম ও কে ওয়াহিদি, আনোয়ার হোসেন, নাজমা শাহীন, মো. ইসমাইল খান, গোলাম মইনউদ্দিন, জাহাঙ্গীর আলম ও মো. মোস্তফা।৫ এপ্রিল আদালতে করা আশরাফ হোসেনের মামলার আরজিতে বলা হয়েছে, ২০০১ সালে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। ওই বছরের ১০ নভেম্বর তিনি তাঁর পেনশন ও অর্জিত ছুটি বাবদ চার লাখ ৯১ হাজার ৫০০ টাকা পাওনা চেয়ে কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেন। কিন্তু তাঁকে কোনো অর্থ দেওয়া হয়নি।