রাজধানীর বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের চারতলা পুরাতন হোস্টেলে ফাটল ধরেছে। বিষয়টি জানার পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় হোস্টেলের ২৫০ জন ছাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সকালে ফাটলধরা পুরোনো হোস্টেলটি পরিদর্শন করেন। ফাটলের ঘটনা ধরা পড়ে গত শনিবার।বদরুন্নেছা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আশঙ্কা করছে, হোস্টেলটির ঠিক পাশেই ব্যক্তিমালিকানায় একটি বড় ভবনের নির্মাণকাজ চলায় কম্পনে ফাটল ধরে থাকতে পারে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ হিল আজাদ গত সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হোস্টেলটি ১৯৭৯ সালে গণপূর্ত অধিদপ্তর নির্মাণ করে। পুরোনো হওয়ায় আগেই হয়তো কিছু ফাটল ছিল। পাশের ভবন নির্মাণে ভারী মেশিন ব্যবহারের কারণে ব্যাপক কম্পনে ফাটলের মাত্রা বেড়ে যায়। তিনি বলেন, পরীক্ষা করে দেখা গেছে, ভবনটির ফাটলের অংশ মেরামতযোগ্য। শিক্ষামন্ত্রী গতকাল সকাল নয়টার দিকে বদরুন্নেছা কলেজে গিয়ে ফাটলধরা হোস্টেলের চারপাশ ঘুরে দেখেন। তিনি প্রকৌশলীদের ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এ ভবনের বিষয়ে পরামর্শ দেওয়ার নির্দেশ দেন।