বদরুন্নেসা কলেজে 'আকাশলীনা' পাঠাগারের উদ্বোধন

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷
গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ‘একটি পাঠাগার, ব্যাংক এশিয়া লিমিটেডের এটিএম ও কালেকশন বুথের’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান৷ ছয় তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেলের ছাদে ‘আকাশলীনা’ নামে নান্দনিক এই পাঠাগার নির্মাণে অর্থায়ন করেছে ব্যাংক এশিয়া৷
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে সরকারি সম্পদ অনেক সীমিত৷ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ অথচ শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারলে শিক্ষার মান আরও বাড়বে৷ এ ক্ষেত্রে ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে৷ দান করলে মনে অনেক আনন্দ লাগে৷
ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি ভালো পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ৷ তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁরা এই অবদান রেখেছেন৷ এ সময় তিনি হোস্টেলে একটি লিফট দেওয়ার ঘোষণা দেন৷
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবা রহমান বলেন, আগে ছাত্রী হোস্টেলে পড়াশোনার তেমন কোনো পরিবেশ ছিল না৷ এখন খোলা আকাশের নিচে এই পাঠাগার ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করবে৷
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, কলেজের উপাধ্যক্ষ বি এম মাকসুদা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবিনা আক্তার প্রমুখ বক্তব্য দেন৷