বদরুন্নেসা কলেজের 'আকাশলীনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সকালে ছাত্রী হোস্টেলের ছাদে বইছে হিমেল হাওয়া। তখনো রোদ ছিল উপভোগ করার মতো। মনোরম এই পরিবেশে রয়েছে একটি আধুনিক স্থাপত্যের পাঠাগার৷ এর নাম ‘আকাশলীনা’।
পাঠাগারটি পুরান ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের নতুন ছাত্রী হোস্টেলের ছাদে৷ ছাত্রীদের বই পড়ায় আগ্রহী করতে এই পাঠাগার তৈরি করেছে কলেজ কর্তৃপক্ষ৷ এর আয়তন প্রায় ৫ হাজার ৮২০ ফুট৷ পাঠাগারের ভেতর ও বাইরে উন্মুক্ত স্থানে বসে শতাধিক ছাত্রী বই পড়তে পারবেন। ২৪ ডিসেম্বর এই পাঠাগারসহ কলেজ ক্যাম্পাসে ব্যাংক এশিয়ার টাকা সংগ্রহের বুথ ও এটিএম বুথের উদ্বোধন করা হবে।
শিক্ষকেরা বলেন, হোস্টেলের ছাদের এই মনোরম পরিবেশে সকাল কিংবা বিকেল যেকোনো সময় বই পড়তে পারবেন ছাত্রীরা৷ প্রাকৃতিক পরিবেশ উপভোগও করতে পারবেন তাঁরা৷ পুরো ছাদটি হরেক রকমের ফুলের গাছ, আধুনিক স্থাপত্যে তৈরি করা৷ চমৎকার পরিবেশ যে কাউকে বই পড়তে আগ্রহী করে তুলবে। বর্তমানে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এইচএসসিসহ স্নাতক ও স্নাতকোত্তরের ২০টি বিভাগে পাঠদান করা হয়।
গতকাল সোমবার আকাশলীনা পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবা রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। সরেজমিনে দেখা যায়, পাঠাগারের ভেতর সারিবদ্ধভাবে প্রায় ৫০টি চেয়ার-টেবিল রাখা রয়েছে। বই রাখার জন্য রয়েছে কয়েকটি তাক। এর বাইরে ছাদের বাকি অংশ উন্মুক্ত। এখানে বসার জন্য রয়েছে টাইলস করা পাকা বেঞ্চ। ছাদের চারপাশে রয়েছে হরেক রকমের ফুলের গাছ।
দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার বলেন, আকাশলীনার নান্দনিক কাঠামো তাঁকে মুগ্ধ করেছে। উদ্বোধনের পর তিনি এই পাঠাগারে নিয়মিত পড়াশোনা করবেন।
কলেজের অধ্যক্ষ বলেন, ব্যাংক এশিয়ার অর্থায়নে আধুনিক ডিজাইনে আকাশলীনা নামের এই পাঠাগার নির্মাণ করা হয়েছে৷ এ ছাড়া সম্প্রতি কলেজের ছাত্রীদের খেলাধুলার সরঞ্জাম কেনা এবং একটি কমন রুম, টিচার্স ক্যাফে, ক্যানটিন ও কম্পিউটার ল্যাব করেছেন তিনি।