বদরুন্নেসা থেকে ছাত্রী সংস্থার ছয় কর্মীকে বের করে দিল ছাত্রলীগ
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস থেকে ছাত্রী সংস্থার (শিবিরের ছাত্রীসংগঠন) ছয় কর্মীকে বের করে দিয়েছে ছাত্রলীগ। এর আগে তাদের রুম থেকে জিহাদি বই ও গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয় বলে দাবি ছাত্রলীগের।বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সভাপতি নাসরিন সুলতানা প্রথম আলোকে জানান, কলেজ ক্যাম্পাসে রাজশাহীতে শিবিরের তাণ্ডবসংক্রান্ত ছাত্রলীগের পোস্টার ছাত্রী সংস্থার কর্মীরা ছিঁড়ে ফেলে। এর জের ধরে গত বুধবার রাতে হলের রুমে রুমে তল্লাশি চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ২০০, ২০৯, ৩১০, ৩১২, ৪০৩, ২০০২, ২০০৪, ২০০৫, ২০১১ ও ৩০০৫ নম্বর কক্ষ থেকে বেশ কিছু জিহাদি বই ও গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়। ছাত্রী সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এসব কক্ষ থেকে ছয় ছাত্রীকে বের করে দেওয়া হয়।এঁরা হলেন অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্রী ময়না ও তানিয়া, সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুনা, ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া ফারজানা এবং উচ্চমাধ্যমিকের ছাত্রী সুমাইয়া ও মারুফা।কলেজ অধ্যক্ষ মেরিনা জাহান বলেন, যেসব ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের কাছে জঙ্গিবাদসংক্রান্ত প্রচুর বইপত্র পাওয়া গেছে।