বদরুল হুদাকে স্মরণ করল বিএসজেএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ধারাভাষ্যকার ও লেখক বদরুল হুদা চৌধুরী স্মরণে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। এতে বক্তারা বলেন, তিনি শুধু ক্রীড়াঙ্গন নিয়েই নয় দেশ ও সমাজ নিয়েও ভাবতেন। তাঁর লেখনী আর কণ্ঠে উঠে এসেছে স্বাধীনতার কথা।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রাম শাখা আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার। স্মৃতিচারণা করেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, এশিয়ান স্পোর্টসের সাবেক সহসভাপতি কলামিস্ট ইকরামুজ্জামান ও ধারাভাষ্যকার নিখিল রঞ্জন দাশ।
সভায় বক্তারা বদরুল হুদার স্মৃতি ধরে রাখতে এম এ আজিজ স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় তাঁর নামে স্ট্যান্ড নামকরণের দাবি জানান। তাঁরা বলেন, তিনি যে মাপের মানুষ ছিলেন জীবদ্দশায় সে অনুযায়ী তাঁর মূল্যায়ন হয়নি।
বিএসজেএ চট্টগ্রামের সভাপতি শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক হাসানুজ্জামান, বদরুল হুদার ছেলে সাইফুল হুদা চৌধুরী ও কন্যা কামরুন নাহার তুলি, চট্টগ্রাম প্রেসক্লাব সম্পাদক মহসিন চৌধুরী, বিএসজেএ সহসভাপতি তমাল চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল খান, সাবেক সভাপতি গোলাম মাওলা মুরাদ, মুস্তফা নঈম, সাইফুল্লাহ চৌধুরী ও জামশেদ রেহমান চৌধুরী।